টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

টেকনাফ | ১০ নভেম্বর ২০১৮, শনিবার, ১১:৪০ এএম |
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) ভোরে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের নাম জিয়াউল বশর শাহীন (৩০)। তিনি স্থানীয় ছৈয়দ হোসেনের ছেলে।

পুলিশি জানায়, শুক্রবার (৯ নভেম্বর) বিকালে টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল বশর শাহীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে শনিবার ভোরে টেকনাফ হ্নীলা ইউনিয়নের দরগা রসুলাবাদ উলুচামারি এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে পুলিশের একটি দল সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যাক্তির সঙ্গীরা গুলিবর্ষণ শুরু করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কক্সবাজার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, নিহত ব্যক্তি অস্ত্রধারী ও তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় এলজি, ১৮ রাউন্ড তাজা গুলি, ১৩ রাউন্ড খালি খোসা ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Print This Post Print This Post