হাটহাজারীতে অগ্নিদগ্ধ দুই শিশুর মৃত্যু

আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ১ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১: ১০ এএম |

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার সেলিম ভবন তিনতলায় দীর্ঘদিন বন্ধ থাকা ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া দুই শিশু রাজিয়া সুলতানা মিম (১১) ও তামিম (৩) মারা গেছেন।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে তাদের মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম বলেন- অগ্নিদগ্ধ হওয়া দুই শিশু রাজিয়া সুলতানা মিম (১১) ও তামিম (৩) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ আরও তিনজন হলেন, তামিমের মা সোনিয়া আক্তার (২৬) ও ভাই ইয়ামিন (১) এবং প্রতিবেশী রুবি আক্তার (১৬)।

এদের মধ্যে রুবির অবস্থার গুরুতর অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক।

এর আগে, গতকাল বুধবার (৩১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে আমানবাজার সেলিমের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। সেখানে একটি ভবনের তিনতলার বাসায় বুধবার নতুন ভাড়াটিয়া আসেন। বাসাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে গিয়েছিল। নতুন ভাড়াটিয়া আসার পর সেই বাসায় ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হন। এরপর অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post