নগরে দ্বিতীয় দিনের ধর্মঘটে ছোট গাড়িই ভরসা যাত্রীদের

আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম:
সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট আজ সোমবার দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগরে বাস, মিনিবাস, হিউম্যান হলারের মতো গণপরিবহন এবং পণ্যবাহী প্রাইম মুভার (লরি), কাভার্ড ভ্যান, ট্রাক, মিনিট্রাক ছাড়া সব ধরনের ছোট গাড়ি চলছে।

৩, ৬ ও ১০ নম্বর রুটের সিটি সার্ভিসের বাস ও বিআরটিসির দোতলা বাস চলছে। চট্টগ্রাম বন্দর ও আশপাশের আইসিডি থেকে জরুরি রপ্তানি কাজে নিয়োজিত কনটেইনারবাহী গাড়ি চলাচলের উদ্যোগ নিচ্ছেন সংশ্লিষ্টরা।

আজ মহানগরের অভ্যন্তরে সব ধরনের ছোট যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। ভাড়া বেশি হাঁকলেও ছোট গাড়িই ভরসা জরুরি প্রয়োজনে পথে নামা যাত্রীদের।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন- পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনেও চট্টগ্রামে শান্তিপূর্ণ কর্মবিরতি স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন শ্রমিকরা।

বন্দরের কনটেইনার পরিবহনে নিয়োজিত প্রাইম মুভার মালিক সমিতির কার্যকরি সভাপতি মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক বলেন- পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্দরকেন্দ্রিক পণ্যবাহী গাড়ি চলাচলে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে বেলা ২টা থেকে প্রাইম মুভার চলবে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post