স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে স্বামীকে গলা কেটে হত্যা মামলায় স্ত্রী উম্মে হাবিবা কে (১৮) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালত এই আদেশ দিয়েছেন বলে জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া জানান।
বিজন কুমার বড়ুয়া বলেন, আজ মঙ্গলবার সকালে উম্মে হাবিবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। আসামী ও বাদির আইনজীবি যুক্তি-তর্ক ও শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর চট্টগ্রামের রাউজানের পৌর গহিরা এলাকায় একটি বাসায় ফখরুল ইসলাম (২৮) নামে এক প্রবাসীর গলাকেটে হত্যা করার অভিযোগে মামলা হয়। ফখরুল ইসলামের সঙ্গে উম্মে হাবিবার তিন মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর পৌর এলাকার গহিরা এলাকায় চার তলার একটি ভবনের ৩য় তলায় মায়ের সঙ্গে ভাড়া থাকতেন হাবিবা। গত ১৮ অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে চিৎকার শুনে স্থানীয়রা ওই ৩য় তলার একটি ফ্ল্যাটে আগুন দেখতে পায়।
এ সময় স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও ফ্ল্যাটের কিছু আসবাবপত্র পুড়ে যায়। এতে হাবিবার মায়ের হাত অগ্নিদগ্ধ হয়। কিন্তু আগুন নেভানোর সময়ও চিৎকার আসতে থাকে। পরে স্থানীয়রা ছাদে গিয়ে ফখরুলকে গলাকাটা অবস্থায় দেখতে পান। ঘটনার পরপর পুলিশ হাবিবা ও তার মাকে আটক করে। ১৯ অক্টোবর দুপুরে ফখরুলের ভাই নুরুল ইসলাম থানায় হত্যা চেষ্টা মামলা করেন। অগ্নিদগ্ধ হওয়ায় তার মাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
