স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
ঢাকা: রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন ডিবি’র অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। রংপুরে তার বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যার পর উত্তরার জসিমউদ্দিন রোডে আ স ম আবদুর রবের বাসায় যান ব্যারিস্টার মঈনুল হোসেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আ স ম আবদুর রবের স্ত্রী ও জেএসডি সহসভাপতি তানিয়া রব এবং জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন জানান, রাজধানীর হোটেল র্যাডিসন থেকে ব্যারিস্টার মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে ব্যারিস্টার মঈনুল হোসেন আ স ম আবদুর রবের বাসায় গিয়েছিলেন। সেখান জাতীয় ঐক্যফ্রন্টের কোনো বৈঠক ছিল না। পারিবারিক পরিচয়ের সূত্র ধরেই তারা ওই বাসায় গিয়েছিলেন। সেখান থেকেই গ্রেফতার হন ব্যারিস্টার মঈনুল।
এর আগে, রাত ৯টার দিক থেকেই আ স ম রবের বাসা ঘিরে রাখে ডিবি পুলিশ। উত্তরা (পশ্চিম) থানা পুলিশের একটি দলও তাদের সঙ্গে ছিল।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, রংপুরে দায়ের করা একটি মানহানির মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
