সংলাপের সময় নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন: কাদের

আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ৭:০৭ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে নাকচ করে দিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবী অবাস্তব ও অপ্রয়োজনীয়। কাজেই তাদের এ ধরনের দাবি মানারও কোনো যৌক্তিকতা নেই। নির্বাচনের আগে সংলাপের সময়ও হাতে নেই।

ওবায়দুল কাদের আজ সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কথা বলেন। তিনি জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

কাদের বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব, অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সংলাপে বসতে হবে। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে। নির্বাচন কমিশন (ইসি) মোটামুটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নির্বাচনের আগে আর বেশি সময় হাতে নেই। এ অল্প সময়ের মধ্যে সংলাপ করার মতো যেমন পর্যাপ্ত সময় নেই, তেমনি সংলাপের বাস্তব কোনো কারণও নেই।

সড়ক পরিবহন ও সেতুসচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইকরামুল হাসান ও নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post