আদালতে পুলিশ লাঞ্ছিত, ১৫০ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ৮:৪৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের আদালত ভবন এলাকায় কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনসহ কয়েকজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছে বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কোতায়ালী থানার এসআই মো. ইদ্রিস।

রোববার (২১ অক্টোবর) বিকেলে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আব্দুর রউফ বলেন, আজ আদালত ভবন এলাকায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন নিতে আদালত ভবনে আসলে তাদের দলীয় নেতাকর্মীদের হাতে পুলিশ সদস্যদেরকে সরকারি কাজে বাধাদান, পুলিশের পোশাক ধরে টানাটানির অভিযোগ আনা হয়েছে।

তিনি আরো বলেন, এঘটনায় মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ অন্তত ১৫০ জনকে আসামি করে মামলা দিয়েছে পুলিশ।

এর আগে, আজ (রোববার) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে কারাগারে পাঠাতে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত ভবনে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করে কোতোয়ালী থানার পুলিশ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post