স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মহমুদ চৌধুরীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি।
আজ রোববার বিকেলে কেন্দ্র ঘোষিত বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ শেষে এ ঘোষণা দেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, উচ্চ আদালতের জামিন থাকা সত্ত্বেও চট্টগ্রামের নিম্ন আদালতের বিচারক প্রেসক্রিপশন করা রায় দিয়েছেন। ওই বিচারক লজ্জায় এজলাসে রায় দিতে না পেরে খাস কামরা থেকে স্ট্যানোকে পাঠিয়ে রায় দিয়েছেন। এমন ন্যাক্কারজনক ঘটনা বিচার বিভাগকে লজ্জায় ফেলে দিয়েছে।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছেন। আপনাদের গড়া এই আইনে, আপনাদেরই একদিন গ্রেফতার হতে হবে। ইতিহাস কখনো ক্ষমা করবে না।
এসময় তিনি আগামীকালের প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য ৪১ ওয়ার্ড ও ১৫ টি থানার নেতাকর্মীদের আহ্বান জানান। এছাড়া ২৭ অক্টোবর লালদীঘি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসমাবেশ ঘিরে নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও বলেন।
এসময় রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক হারুন-উর-রশীদ, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
