অনলাইন ডেস্ক | সিটিজিসান.কম

ভারত:
কাজের অছিলায় ঘরে ডেকে তাকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন এম জে আকবর। পর পর দু’দিন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার এই অভিযোগ করলেন সাংবাদিক তুষিতা প্যাটেল। প্রিয়া রামানি থেকে শুরু করে গত ১৫ দিনে এই নিয়ে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানালেন ১২ জন নারী।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, একটি খোলা চিঠিতে তুষিতা আকবরের যৌন হেনস্থার তিনটি ঘটনার উল্লেখ করেছেন। তুষিতা বেশ কিছু দিন আকবরের সঙ্গে কাজ করেছিলেন দৈনিক ‘ডেকান ক্রনিকল’-এ।
চিঠিতে তুষিতা জানিয়েছেন, সেটা ’৯২ সালের কথা। তখন তার বয়স ২২। আকবর তাকে কলকাতার একটি হোটেলে দেখা করতে বলেছিলেন। সেই ঘরে পৌঁছে দেখেন, একটি আন্ডারওয়্যার পরে বসে আছেন আকবর। এই দিন খুবই অপ্রস্তুত বোধ করেছিলেন তুষিতা। এক বছর পরে তুষিতা যোগ দেন ‘ডেকান ক্রনিকল’-এ। আকবর সেখানকার এডিটর-ইন-চিফ ছিলেন। ওই সময় কাজের অছিলায় হোটেলের ঘরে ডেকে তাকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন আকবর।
পরের দিন হোটেলের কনফারেন্স রুমে তুষিতাকে ডাকেন আকবর। তুষিতা এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কাজের অছিলায় তাকে আবার ডাকেন আকবর। সেখানে তুষিতাকে একলা পেয়ে জাপটে ধরে আবার চুমু খান আকবর।
তুষিতা লিখেছেন, ‘সে দিন আমি ওই ঘটনার পর বাথরুমে গিয়ে চোখে-মুখে পানি দিয়েছিলাম। আর কেঁদেছিলাম।’
তুষিতা বলেছেন, আকবর যদি এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন, তাহলে সেই মামলা তিনি লড়তে রাজি আছেন। তুষিতা এও জানিয়েছেন, তাড়াতাড়ি আরও অনেক নারী সাহসে ভর করে আকবরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন।
সিএস/সিএম
Print This Post
