স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম: সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার একটি মামলায় বিএনপির এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর একটি আদালতে হাকিম সারোয়ার জাহান এই আদেশ দিয়েছেন।
রিমান্ডে যাওয়া ফরহাদ বিন আলম (২৫) মহানগরের বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর আমিন জুটমিলস এলাকার শাহ আলমের ছেলে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানান পুলিশ। শুনানি শেষে আদালত ফরহাদকে পাঁচদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।
এর আগে ২০১৭ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে ফেইসবুকে পোস্ট দেন ফরহাদ। এ ঘটনায় ফরহাদের বিরুদ্ধে চলতি বছরের ১৫ মার্চ আদালতে অভিযোগ করেন স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল বাতেন।
পরে গত ১৯ মার্চ মামলাটিকে এফআইআর হিসেবে নিতে বায়েজিদ বোস্তামী থানাকে নির্দেশ দেয় আদালত। এরপর গত ৭ অক্টোবর অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ।
সিএস/সিএম
Print This Post
