অধিকারের নামে নারীদেরকে ভোগ্যপণ্য বানানো হচ্ছে: বাবুনগরী

আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১১:৫১ পূর্বাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: ‌‌নারী-পুরুষ সমান অধিকার কখনো সম্ভব নয় মন্তব্য করে নারী অধিকারের স্লোগানদাতারা মূলত নারীদের মাঠে নামিয়ে ভোগের পণ্য করতে চায় বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, ধর্ম ইসলামই নারীকে তার একমাত্র ন্যায্য অধিকার ও সম্মান দিয়েছে। কিন্তু নারীসমাজ তাদের নিজেদের মর্যাদা না বুঝে আধুনিকতার সাথে গা ভাসিয়ে পর্দাহীন চলাফেরার কারণে নারী নির্যাতন বাড়ছে।

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম হাটহাজারী মাদরাসায় শরীয় পর্দা সংক্রান্ত আলোচনায় মাদ্রাসাটির সহকারি পরিচালক বাবুনগরী এসব বলেন।

তিনি বলেন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম নারীকে এ মর্যাদা দিতে পারেনি। বাবার ঘরে মেয়ে হিসেবে নারীর মর্যাদা রয়েছে। স্বামীর ঘরে স্ত্রী হিসেবে এবং নিজ সন্তানের জন্য ‘মা’ হিসেবে ইসলাম নারীকে অনন্য মর্যাদা দিয়েছে।

শরীয় পর্দা নারীর ভূষণ, ইজ্জ্বত-আব্রু রক্ষার অন্যতম মাধ্যম কিন্তু আজ নারীসমাজ পশ্চিমাদের প্ররোচনায় বেপর্দা চলাফেরা করে নিজের ইজ্জত-আব্রু বিনষ্ট করছে। এ কারণে মানবরূপী নরপশু লম্পটদের ইভটিজিং-এর শিকার হচ্ছে। শিশু থেকে শুরু করে সত্তর বছরের কেউ নির্যাতনের শিকার থেকে রেহায় পাচ্ছে না। শুধু তাই নয়, নির্যাতনের পর আবার নির্মমভাবে হত্যাও করা হচ্ছে।

হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানান, ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমে নারীদের মুক্তি দিতে পারে।

সিএস/সিএম

Print This Post Print This Post