অনলাইন ডেস্ক, ঢাকা : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং নিরাপত্তার কথা বিবেচনা করেই কারাগারে কোর্ট বসানো হয়েছে।
নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার বিচারকার্য পরিচালনা করায় বিএনপির সমালোচনার জবাবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে একথা বলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আগের নজির উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কারাগারে কোর্ট বসানো যায়। বিডিআরের মামলার বিচার কারাগারের জায়গায় কোর্ট বসিয়ে করা হয়েছে। জিয়াউর রহমানের আমলেও কারাগারে কোর্ট বসিয়ে বিচার করা হয়েছিল।’
তিনি বলেন, ‘বিএনপি নেতারা বলেন প্রতিহিংসা। প্রতিহিংসা কিসের? আমরা কি এতিমের টাকা ভাগ-বাটোয়োরা করে খেতে চেয়েছিলাম? অপরাধী অপরাধীই, তার বিচার হবেই। এখানে কোনো রাজনীতি নেই, প্রতিহিংসা নেই।’
খালেদা জিয়ার আইনজীবীদের আদালতে হাজির না হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আইনজীবীরা কেন যাননি? তাহলে তারা কি জানে যে, খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করা যাবে না। তাই তারা যাননি।’
Print This Post
