মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাস, নিহত ১, আহত ১৫

আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ন


চট্টগ্রাম : রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বাস খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতরা হলেন- জেকি ত্রিপুরা, আবদুল করিম, প্রম বীথি, বাবু ত্রিপুরা, সৌরভ, সুজন ত্রিপুরা, মঙ্গ চাকমা, মারুফ, লিটন, প্রমিক ত্রিপুরা, দীপ্তি চাকমা, মম বিকাশ, কন্দু ত্রিপুরা, নিরোদ চাকমা, প্রমি ত্রিপুরা, লোকমান, পুষ্প চাকমা, মিলা চাকমা, কুসুম বীথি, সুকৃতি চাকমা, নিউটন চাকমা, শংকর, ‍শাখাওয়াত, পংকজ, লিনা, রকি, মিঠুন, কল্লোল প্রমুখ। অজ্ঞাত পরিচয়ের আহত দুইজন।

রোববার (২ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের বাস (চট্টমেট্রো ব ১১-০৭৩০) খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সুনির্মল চাকমা নামের এক যাত্রী নিহত হন। আহত হন ৩২ বাসযাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, জোরারগঞ্জ থেকে আহত ১৫ বাসযাত্রীকে চমেকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

Print This Post Print This Post