সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৮ ১:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে বরযাত্রী বাসে ডাকাতি করে মালামাল ভাগের সময় হানা দেয় র‌্যাব। এ সময় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত নামা (৪০) এক ডাকাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে বরযাত্রীদের থেকে ডাকাত দলের হাতে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে বড় কুমিরার ব্রিজ এলাকায় হাটহাজরী থেকে আসা একটি বরযাত্রীবাহী গাড়িতে হানা দেয় ডাকাতরা। এ সময় গাড়িতে থাকা বরযাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় ডাকাতরা। ঘটনার সময় এক বরযাত্রী পালিয়ে গিয়ে মহাসড়কে টহলরত র‌্যাব সদস্যদের ডাকাতির ঘটনা জানায়।

খবর পেয়ে র‌্যাবের টহল টম ব্রিজের নিচে এসে দেখে সেখানে ডাকাতরা অবস্থান করছে। টর্চলাইটের আলোতে ডাকাতরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর এক পর্যায়ে ডাকাতরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে র‌্যাব গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করে।

Print This Post Print This Post