চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর জুলফিকার আজিজ। তিনি বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে। আর বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক আদেশে তাদের এই নিয়োগ ও বদলির কথা জানানো হয়। একই আদেশে নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খন্দকার আক্তার হোসেনকে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) নিয়োগ দেয়া হয়েছে।
চেয়ারম্যান হওয়ার পর কমডোর জুলফিকার আজিজ বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দর হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আমার প্রথম কাজ। এ লক্ষ্যে পরিকল্পনা নিয়েই আমি কাজ শুরু করবো।
Print This Post

