মঙ্গলবার চট্টগ্রামে সরকারি ৯ স্কুলে ভর্তিযুদ্ধ শুরু

আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:৩৮ অপরাহ্ন

psc-exam

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর সরকারি ৯ স্কুলে কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ। পঞ্চম থেকে নবম শ্রেণী ৩ শূন্য আসন ৪ হাজার ৬৬টি ফলে একটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হবে ১৩ জন।

এর মধ্যে আসন ও আবেদনের দিক থেকে ষষ্ঠ শ্রেণীতে এ প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি। যদিও এবার বিভিন্ন শ্রেণীতে শাখা ও আসন বৃদ্ধির মাধ্যমে গতবারের চেয়ে ৪৩৩ জন শিক্ষার্থী বেশি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।

আগামী ১৯, ২৩ ও ২৭ ডিসেম্বর সকাল-বিকাল দুই বেলায় তিন ক্লাস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ব্যবস্থা সম্পন্ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ইতিমধ্যে ক্লাস্টার ভিত্তিক স্কুলের তালিকা ও ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে।

পরীক্ষার সময়সূচি এবার সরকারি ৯ স্কুলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তিন (ক, খ ও গ) ক্লাস্টারে (গ্রুপে) অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এর মধ্যে ‘ক’ ক্লাস্টারে রয়েছে- চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কাল মঙ্গলবার এ তিনটি স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল দশটা থেকে ১২টা পর্যন্ত পঞ্চম শ্রেণীর এবং দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘খ’ ক্লাস্টারে রয়েছে- নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২৩ ডিসেম্বর এ তিনটি স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে পঞ্চম ও অষ্টম শ্রেণীর এবং দুপুরে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘গ’ ক্লাস্টারে রয়েছে- সরকারি মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা)। ২৭ ডিসেম্বর সকালে পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণীর এবং দুপুরে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীতে সরকারি ৯টি স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৪ হাজার ৬৬টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৫১ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।এর মধ্যে পঞ্চম শ্রেণীর ২ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ২১৬ জন, ষষ্ঠ শ্রেণীর ৭৬১ আসনে ১৩ হাজার ৬৩২ জন, সপ্তম শ্রেণীর ১৪০ আসনের বিপরীতে ২ হাজার ২৮৮ জন, অষ্টম শ্রেণীর ২৪৫ আসনের বিপরীতে ৩ হাজার ৫২৪ জন এবং নবম শ্রেণীর ৮৮০ আসনের বিপরীতে ৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

Print This Post Print This Post