ডোনাল্ড ট্রাম্প সফর তালিকায় নেই বাংলাদেশ

আপডেট: ১ অক্টোবর ২০১৭ ১২:৪৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এশিয়া মহাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১২ দিনের সফরে এশিয়ার ৫টি দেশে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউজের দেয়া ওই দেশগুলোর তালিকায় নাম নেই বাংলাদেশের।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত এক বছরে এটিই হবে ট্রাম্পের প্রথম এশিয়া সফর। রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের সফর পরিকল্পনায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের নাম। ৩ নভেম্বর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে সফর শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প; শেষ হবে ১৪ নভেম্বর।
রয়টার্স নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, এশিয়া সফরে এ অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উপরও গুরুত্ব দেবেন ট্রাম্প।

এ সময় তিনি ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) সম্মেলনে অংশ নেবেন। পরে ফিলিপাইনে আসিয়ানের এক সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরকালে ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ও ফিলিপাইনে অনুষ্ঠেয় সাউথইস্ট এশিয়ান নেশনসের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
রয়টার্স বলছে, প্রথমে জাপানে থামবেন ট্রাম্প। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।

কর্মকর্তারা বলছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের প্রতি ট্রাম্প সমর্থন জানাতে অনিচ্ছুক ছিলেন। বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী মন্তব্য করেন রদ্রিগো। তা সত্ত্বেও সেখানে সফর করছেন তিনি।

Print This Post Print This Post