উ.কোরিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রের বিমানের মহড়া

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১২:৩১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে শনিবার মহড়া দেয় যুক্তরাষ্ট্রের কিছু বোমারু ও জঙ্গিবিমান। পুরোনো ছবি

ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে জলরাশির ওপর আন্তর্জাতিক আকাশসীমায় কিছু জঙ্গিবিমানকে পাশে নিয়ে মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কয়েকটি বি-১বি বোমারু বিমান।

উত্তর কোরিয়ার একটি পারমাণবিক স্থাপনায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার পর স্থানীয় সময় শনিবার মার্কিন বিমানগুলো এ মহড়ায় অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেকগুলো বিকল্প ভেবে রাখতে হচ্ছে। এর অংশ হিসেবে হঠাৎ বিমানের এই মহড়া।

পেন্টাগনের নারী মুখপাত্র ড্যানা হোয়াইট বলেন, ‘একুশ শতকে উত্তর কোরিয়ার উপকূলে বেসামরিক অঞ্চলের (ডিএমজেড) সবচেয়ে দূরবর্তী স্থানে যুক্তরাষ্ট্রের জঙ্গি বা বোমারু বিমান উড়েছে। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার বেপরোয়া আচরণকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছি, তা প্রতিফলিত হয়েছে।’

শনিবারের ভূমিকম্পকে পরমাণু বোমা পরীক্ষার শব্দ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা ও বিশেষজ্ঞ। এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। তিনি গত বৃহস্পতিবার হুঁশিয়ার করে বলেছিলেন, উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতে পারে।

উত্তর কোরিয়া আজ পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে কি না, সে বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি রি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভূতাত্ত্বিকরা উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা ক্ষেত্রের পাশে মৃদু ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Print This Post Print This Post