ভারি বর্ষণের সম্ভাবনা, ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম :
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীন মেঘমালা তৈরি হওয়ায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে এ পূর্বাভাস দিয়ে বলা হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হতে পারে। গভীর সঞ্চালনশীন মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Print This Post Print This Post