নাফ নদী থেকে ২৩ রোহিঙ্গার লাশ উদ্ধার

আপডেট: ৩১ অগাস্ট ২০১৭ ১:১২ অপরাহ্ন

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা
হয়েছে।

বৃহস্পতিবার সকালে নাফ নদী থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকালে ৪ জন ও রাত ১১ টার দিকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক জানান, শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া সংলগ্ন নাফ নদী চ্যানেলে বুধবার সকালে ও রাতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। নদীতে ভাসমান অবস্থায় বুধবার ৫ জন ও বৃহস্পতিবার সকাল
থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল উদ্দিন জানান, আরও ২৫ জনের মতো নিখোঁজ থাকার সম্ভাবনা রয়েছে। এরা সবাই রোহিঙ্গা হওয়ায় কারো নাম পরিচয় জানা সম্ভব হচ্ছে না।

টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন জানান, রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা নাফ নদীতে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।

স্থানীয়রা শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া নাফ নদীতে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ ও বিজিবি এসে দুদিনে ২৩ জনের মরদেহ উদ্ধার করেছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এসব নৌকা নাফ নদীতে ডুবে যায়। এখনো অনেক রোহিঙ্গা নিখোঁজ রয়েছে।

Print This Post Print This Post