চট্টগ্রাম : গভীর রাতে ‘মাতাল অবস্থায়’ নগরীর আগ্রাবাদে অভিজাত আবাসিক হোটেল সেন্টমার্টিন হোটেলে ঢুকে পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম ভূঁইয়ার তাণ্ডবের ঘটনায় বিব্রত হয়েছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমালোচনার মুখে পড়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গতকাল রোববার সিএমপির কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে ঘটনা তদন্তে সিএমপি কমিশনারের গঠন করা কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। কমিটি ঘটনার সত্যতা পেয়েছে মর্মে সিএমপি কমিশনার বরাবরে প্রতিবেদন দাখিল করলে সদর দফতর মাইনুলকে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেবে।
গত ৩ জুলাই গভীর রাতে নগরীর আগ্রাবাদে অভিজাত আবাসিক হোটেল সেন্টমার্টিনে ঢুকে অপ্রীতিকর ঘটনা ঘটান আলোচিত-সমালোচিত পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম ভূঁইয়া। তিনি ওই হোটেলের চারজন কর্মী এবং ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ আলমকে পেটান।
এসময় তিনি মাতাল অবস্থায় ছিলেন বলে অভিযোগ আছে। ঘটনা তদন্তে সিএমপি কমিশনার নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) নাজমুল হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটিতে নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এবং নগর গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শক আছেন।
সূত্রমতে, অভিযুক্ত পুলিশ পরিদর্শক মাইনুল ইসলামকে তদন্ত কমিটি সামনে হাজিরের জন্য নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার তিনি হাজির হতে পারেন। জানতে চাইলে নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) ফারুকুর রহমান বলেন, তদন্ত কমিটি তাদের কাজ করছে।
সাক্ষীদের বক্তব্য নেয়া শেষ হলে অভিযুক্তের বক্তব্য নেবে। অভিযোগ প্রমাণ হলে মাইনুলের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটি সিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন দেবে।
Print This Post
