অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতেও লাগবে ছবিসহ পরিচয়পত্র

আপডেট: ৫ জুলাই ২০১৭ ৪:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম : উড়োজাহাজে অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা ৬ দিন আগে এই বিষয়ে একটি সার্কুলার জারি করলেও সেটি গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানের হাতে পৌঁছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) শাকিল মেরাজ বলেন, এটা আগে থেকেই ছিল। যে কোনো একটা আইডি কার্ড দেখাতে হতো। এখন এটা আনুষ্ঠানিক হলো।

শাকিল মেরাজ বলেন, ‘আমরা আগে থেকেই যাত্রীদের শনাক্ত করতে যে কোনো একটি আইডি কার্ড আনতে বলে থাকি। ফলে এই নির্দেশনা যাত্রীদের জন্য নতুন কিছু নয়।’

বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থাগুলোও গত মাস থেকেই যাত্রীদেরকে বিমানে উঠার সময় যে কোনো একটি ফটো পরিচয় নিয়ে আসতে অনুরোধ করে এসএমএস পাঠাচ্ছে। আর চেক-ইন কাউন্টারে যেন ফটো আইডির নামের সঙ্গে টিকেটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হয়। তবে টিকিট থাকলেই অভ্যন্তরীণ রুটে বিমানে উঠা যায়।

বিমানের কর্মীরা জানান, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র বা তিনি যেখানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের দেওয়া ছবিসহ পরিচয়পত্রও কাজে লাগবে।

Print This Post Print This Post