অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের পরিণাম শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার বিকেলে এ হামলাকে ন্যাক্কারজনক মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিএনপি মহাসচিবের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই। এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।’
এর আগে রোববার সকালে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আহত হন। শামীম মাথায় আঘাতপ্রাপ্ত হন।
হামলার শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের সমর্থকরা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন বেগম জিয়া।
Print This Post
