ইরানের সংসদ ভবনে গোলাগুলিতে নিহত ১

আপডেট: ৭ জুন ২০১৭ ২:০৮ অপরাহ্ন

1461072921462

অনলাইন ডেস্ক :: ইরানের পার্লামেন্টে বন্দুকধারীর হামলায় এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। একই সময় আয়াতুল্লাহ আল খোমেনির মাজারেও হামলা হয়েছে। ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি বুধবার এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পার্লামেন্টের ভেতরে একজন বন্দুকধারী গুলি ছোঁড়ে। ওই গার্ড আহত হয়েছে প্রথমে বলা হলেও পরে জানানো হয়, গুলিতে তার মৃত্যু হয়েছে। হামলায় আরো কয়েকজন আহত হয়েছে জানালেও তাদের সংখ্যা বলা হয়নি।

ইরানের বার্তা সংস্থা আইআরআইবি দেশটির এক এমপির বরাত দিয়ে জানিয়েছে, পার্লামেন্টের ভেতরে একে-৪৭ রাইফেল হাতে একাধিক হামলাকারী অবস্থান নিয়েছে।

এমপি ইলিয়াস হাজরাতি বলেছেন, ‘তিন হামলাকারীর মধ্যে দুজনের হাতে কলাশনিকভ রাইফেল এবং একজনের হাতে কোল্ট পিস্তল রয়েছে।’

পার্লামেন্টের ভেতরের হামলার ঘটনা পুলিশি অভিযানের মাধ্যমে শেষ হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

এদিকে আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনির মাজারেও বন্দুক হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাজার ভবনের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post