অনলাইন ডেস্ক, সিটিজিসান.কম ::
শাহরুখ খান আনন্দ এল রায়ের বহুপ্রতীক্ষিত সেই ছবির শুটিং শুরু হয়েছে। যেখানে শাহরুখ খানকে দেখা যাবে বামনের চরিত্রে। সম্প্রতি মুম্বাই ফিল্ম সিটিতে এই ছবির শুটিং চলাকালে ঘটেছে এক মারাত্মক দুর্ঘটনা। ‘বলিউড বাদশা’ শাহরুখও তখন সেটে উপস্থিত ছিলেন। কিন্তু ভাগ্য ভালো বলে তিনি সেই মুহূর্তে দুর্ঘটনাস্থলের ঠিক বিপরীত পাশে বসে ছিলেন।
ভারতের মুম্বাই মিরর পত্রিকাকে একজন প্রত্যক্ষদর্শী জানান, শাহরুখের সেই ছবির জন্য যে সেট তৈরি করা হয়েছিল, তার ছাদের ওপর মই পড়ে তা ভেঙে যায়। এ ঘটনায় ছবির দুজন কলাকুশলী আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য চিকিৎসা শেষে অল্প সময়ের মধ্যেই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসক। কারণ, জখম খুব একটা গুরুতর ছিল না।
দুর্ঘটনার পর দুই দিনের জন্য শুটিং স্থগিত রাখা হয়েছে। তবে, সবাই এই ভেবেই স্বস্তির নিশ্বাস ফেলছেন, ‘ভাগ্যিস সেখানে শাহরুখ ছিলেন না। তিনি আহত হলে কী একটা অবস্থাই না হতো।’
অবশ্য শুটিং করতে গিয়ে বেশ কয়েকবার গুরুতর আঘাত পেয়েছেন ‘কিং খান’ শাহরুখ। ‘ডর’, ‘রাওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর সব দুর্ঘটনার শিকার হয়েছিলেন এ অভিনেতা।
উল্লেখ্য, আনন্দ এল রায়ের নাম ঠিক না হওয়া এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। ডিএনএ ইন্ডিয়া।
সিটিজিসান.কম/ফয়সাল
Print This Post

