চট্টগ্রামে গৃহবধূ খুন, স্বামী আটক

আপডেট: ২৯ মে ২০১৭ ১১:২৪ অপরাহ্ন

murder

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল বৌবাজার এলাকার মারুয়া ম্যানশনের ছয়তলায় নিজ বাসায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন শাহীনূর আক্তার (২৭) নামের এক গৃহবধূ।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহীনূরের স্বামী জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

আটক জামালের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি নগরীর সিইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত আছেন। পোশাক কর্মী শাহীনূর আড়াই বছর আগে বিয়ের পর চাকুরি ছেড়ে দেন।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয়রা থানায় ফোন করে জানান, জামালের বাসার ভেতরে তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে দেখে নিহতের গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। একই সাথে পেটেও ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া যায়।

ওসি বলেন, জামাল ও শাহীনূরের কোন সন্তান নেই। তাদের দাম্পত্য সম্পর্ক ভাল ছিল না বলে জেনেছি। অশান্তির জেরে এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জামালকে তার কর্মস্থল থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো সে ঘটনার দায় স্বীকার করেনি।

বাকলিয়া থানার ওসি বলেন, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিটিজিসান.কম/ফয়সাল

Print This Post Print This Post