খালেদার কয়লা খনি মামলা, আদেশ ২৮ মে

আপডেট: ২২ মে ২০১৭ ১২:৫৬ অপরাহ্ন

khaleda-zia

অনলাইন ডেস্ক :: বড় পুকুরিয়া কয়লা খনি মামলা বাতিলে হাইকোর্টের খারিজ করে দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (২২ মে) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

গত বছরের ২৬ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী এবং দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা রিট ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন। পরের বছরে ২৫ মে হাইকোর্টের দেয়া রায়ের নয় মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয় এ মামলায়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post