লন্ডনে একের পর এক খুন!

আপডেট: ১৫ মে ২০১৭ ১২:৫৫ অপরাহ্ন

murder

অনলাইন ডেস্ক :: লন্ডনে ছুরিকাঘাতে একের পর এক খুনের ঘটনা ঘটছে। একটি খুনের রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি খুনের ঘটনা। আর এসব খুনের বেশিরভাগ শিকার হচ্ছে উঠতি বয়সী কিশোর, যুবক। ধারালো ছুরি একে একে কেড়ে নিচ্ছে তাজাপ্রাণ। এর আগে লন্ডনে ছুরিকাঘাতে দু’সপ্তাহে ১১জন প্রাণ হারিয়েছেন। এরও আগে ২৪ ঘন্টার ভেতরে বাঙালী তরুন সৈয়দ জামানুর ইসলামসহ তিনজন প্রাণ হারান।

পুলিশ নাইফ ক্রাইম অর্থাৎ ছুরিকাঘাতের ঘটনা প্রতিরোধে চেষ্টা করে যাচ্ছে। এরপরেও শনিবারে বিকেল থেকে রাত ১২টার ভেতরে লন্ডনে ছুরিকাঘাতে আরও দুটি প্রাণহানির ঘটনা ঘটে।

নর্থ লন্ডনের এনফিল্ডে :
গত শনিবার রাতেও উত্তর লন্ডনের এনফিল্ডে ছুরিকাঘাতে ১৮ বছরের এক যুবক প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হ্যার্টফোর্ড রোড থেকে ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর প্রায় এক ঘন্টা পরে হাসপাতালে ওই যুবক মৃত্যুবরণ করে। একই সময় ১৯ এবং ১৭ বছরের আরও দুজনকে স্থানীয় পালমারলেন থেকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, স্থানীয় একটি কমিউনিটি হল থেকে প্রায় ৪০ থেকে ৮০ জনের একটি কিশোর গ্রুপ রাস্তায় বের হয়। তাদের সবার বয়স ১৩ বছর থেকে ২০ বছরের ভেতরে। তাদের ঝটলা থাকতে থাকতেই পুলিশ এবং অ্যাম্বুলেন্সের গাড়ি চলে আসে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

টাওয়ার হ্যামলেটসের বো :
এদিকে এনফিল্ডের ঘটনার আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইস্ট লন্ডনের বো এলাকায় ছুরিকাঘাতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করার প্রায় ঘন্টাখানেক পরে তিনি মৃত্যুবরণ করেন। তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুলি এবং ছুরিকাঘাত, এই দুই কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউ এডিংটন, ডেনব্যারি : এদিকে ডেনব্যারির নিউ এডিংটনে ছুরিকাহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৭ বছরের এক কিশোর। পুলিশ জানিয়েছে, সাউথ লন্ডনের ৬৪ নাম্বারে বাস থেকে নামার পর এক কিশোরকে অপর দুই জন সামুরাই দিয়ে আক্রমণ করে।

গত ৫ মে দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। এরপর প্রায় আধাঘণ্টা পরে সাউথ লন্ডনের একটি হাসপাতালে ১৭ বছর বয়সের এক কিশোর চিকিৎসা নিয়েছেন। তার কাঁধে ছুরির আঘাত ছিল। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post