অনলাইন ডেস্ক :: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্সরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রায় এক মাস আগে সিরিয়ায় মার্কিন হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বললেন। আলোচনায় সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে তাঁরা আগ্রহ দেখিয়েছেন বলে আভাস পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ও পুতিনের মধ্যে গতকাল মঙ্গলবার এই ফোনালাপ হয়। এ সময় দুই নেতা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকরে কাজ করতে তাঁরা একমত হয়েছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দুই নেতার ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস ও ক্রেমলিন পৃথক বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে তাঁদের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে আভাস পাওয়া যায়।
ট্রাম্প ও পুতিনের আলোচনায় উত্তর কোরিয়ার প্রসঙ্গ ছিল। তাঁদের মুখোমুখি বৈঠকের সম্ভাব্য সময় নিয়ে কথা হয়েছে। আগামী জুলাইয়ে দুই নেতার মধ্যে মুখোমুখি বৈঠক হতে পারে।
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। এরপর থেকে এখন পর্যন্ত পুতিনের সঙ্গে ট্রাম্পের তিনবার ফোনালাপ হয়েছে।
সিরিয়ায় সন্দেহজনক গ্যাস হামলার ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দায়ী করে সম্প্রতি দেশটিতে বিমান হামলার আদেশ দেন ট্রাম্প। বাশারের মিত্র রাশিয়া দাবি করে, সিরিয়ার বিদ্রোহীরাই ওই গ্যাস হামলা চালিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার টানাপোড়েন দেখা দেয়।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় চলমান যুদ্ধের ভোগান্তি দীর্ঘতর হয়েছে। এই যুদ্ধ বন্ধে সব পক্ষকে কাজ করতে হবে।
ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।
ক্রেমলিনের বিবৃতে বলা হয়েছে, সিরিয়ায় যুদ্ধবিরতি দৃঢ় করার উপায় খুঁজতে পদক্ষেপ বাড়ানোর বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনাকে ফলপ্রসূ বলে বর্ণনা করেছে ক্রেমলিন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

