তারেকসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট: ২ মে ২০১৭ ৫:৪৪ অপরাহ্ন

tareq

অনলাইন ডেস্ক :: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নয় নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূঞা এ আদেশ দেন।

২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গাজীপুরে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও ভাঙচুর করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় এলে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অর্থ জোগান ও উসকানি দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

তিনি লন্ডনে অবস্থান করে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ২০১৫ সালের ২১ জানুয়ারি গাজীপুরের হোতাপাড়ায় একটি বাসে কেরোসিন ও পেট্রলবোমা নিক্ষেপ করতে সহযোগিতা করেছেন।

এ ঘটনায় এএসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট পুলিশ তারেক রহমান, তাঁর সহযোগী লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি মেয়র এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল হকসহ বিএনপির ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এরপর দীর্ঘদিন মামলা চললেও আসামিরা আদালতে হাজিরা না দেওয়ায় আদালত আজ তারেক রহমান, লুৎফর রহমান বাদল, মঞ্জুরুল হকসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post