আবারও ১০ দিনের রিমান্ডে জঙ্গি দম্পতি

আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ৬:৪৩ অপরাহ্ন

jonggi
চট্টগ্রাম :: চট্টগ্রামের মিরসরাই এবং সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় জঙ্গি দম্পতি জসিম ও আরজিনাকে আজ বুধবার বিকেলে আবারও ১০দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

আজ চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এই রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে মিরসরাইয়ে সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় ১০দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে সীতাকুণ্ড থানায় হত্যা এবং সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া দুই মামলায় পৃথকভাবে ১০দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত হত্যা মামলায় তিনদিন ও সন্ত্রাস দমন আইনের মামলায় দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ মার্চ দুপুরে সীতাকুণ্ড পৌরসভার নামারবাজারে সাধন কুটির থেকে জঙ্গি দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ।

ছায়ানীড় ভবনে ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ নামে ২০ ঘণ্টার অভিযানে ২১ জনকে বন্দিদশা থেকে উদ্ধার করা হয়। এছাড়া চার জঙ্গিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে দুই পুলিশ সদস্য আহত হন।

পৃথক জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশের উপর হামলা, বোমার বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটানো এবং অস্ত্র-বিস্ফোরক মজুদ রাখার জন্য চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি সন্ত্রাস দমন আইনে এবং একটি অস্ত্র আইনে ও আরেকটি হত্যা মামলা।

চট্টগ্রাম জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান বিষযটি নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post