চট্টগ্রাম :: স্বাধীনতা দিবস উপলক্ষে রাত ১২ টায় শহীদ মিনারে ফুল দেয়ার কর্মসূচি নেয়ার পর পুলিশের কাছ থেকে বাধা এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান।
শনিবার রাত ১২টায় শহীদ মিনারে ফুল দেয়ার কর্মসূচি নিয়ে এর প্রস্তুতি নিয়েছিলেন আবদুল্লাহ আল নোমান এবং তার অনুসারীরা। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা রোববার ভোর হওয়ার আগে কাউকে শহীদ মিনারে ফুল দিতে দেয়া হবে না বলে নোমানকে জানান।
এরপর রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের রাতে ফুল দেয়ার কর্মসূচি ঠিক করেছিলাম। কিন্তু পুলিশ বলছে তারা রাতে ফুল দিতে দেবে না। বিষয়টি দু:খজনক। আমরা আমাদের সব কর্মসূচি বাতিল করেছি। তবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে কষ্ট পেয়েছি।
নোমানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর আগে সারাদেশে কেউ শহীদ মিনারে ফুল দিতে পারবেন না। এখন নোমান সাহেব যদি এটা বুঝেও না বুঝেন, তিনি যদি জ্ঞানপাপী হন তো, পুলিশের কিছু করার নেই।
সিটিজিসান.কম/রবি
Print This Post

