কাল শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আপডেট: ১৮ মার্চ ২০১৭ ৮:০৮ অপরাহ্ন

111
চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আগামীকাল রোববার শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এরই মধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

২৫ তম এ মেলা সম্পর্কে অবহিত করতে শনিবার দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মো.শফিউল ইসলাম (মহিউদ্দিন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড। মেলায় এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে মরিশাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারম্যান মো.নুরুন নেওয়াজ সেলিম। এসময় চেম্বার সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বারের অনেক কর্মকাণ্ডের মধ্যে বাণিজ্য মেলা অন্যতম উল্লেখ করে তিনি মাহবুবুল আলম বলেন, ২৪ বছর ধরে দেশের শিল্পের প্রসার ও মান উন্নয়নে চেম্বার মেলার আয়োজন করে আসছে। বাংলাদেশে এসএমই খাতের বিকাশের লক্ষ্যেই মূলত মেলার আয়োজন।

এর আগে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, আজ থেকে ২৪ বছর আগে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে ছোট্ট পরিসরে বাণিজ্য মেলা শুরু হয়েছিল। সেই মেলায় এখন প্রতিদিন লক্ষাধিক মানুষ আসেন। মেলা থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে অপেক্ষা করেন চট্টগ্রামের মানুস।

মেলা বেচাকেনার জন্য নয়, দেশিয় পণ্যের প্রদর্শন এবং আন্তর্জাতিকভাবে দেশিয় পণ্যের পরিচিত পাওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে দুটি বড় বাণিজ্য মেলা হয়। সরকারিভাবে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলেও বেসরকারিভাবে সবচেয়ে বড় বাণিজ্য মেলার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশ উৎপাদিত পণ্য প্রচার ও প্রসারই এ মেলার একমাত্র উদ্দেশ্য।

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন পলোগ্রাউন্ড মাঠে মেলা আয়োজন করে আসছেন জানিয়ে তিনি বলেন, এই মাঠে আরও একটি মেলা হয়। এছাড়া রেলওয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। অন্যান্যবার আমরা ফেব্রুয়ারিতে মাঠ বুঝে পেলেও এবার পাইনি ফলে নির্দিষ্ট সময়ে আরম্ভ করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মেলার কো-চেয়ারম্যান মাহফুজুল হক শাহ, মাজহারুল ইসলাম চৌধুরী, চেম্বার পরিচালক এম এ মোতালেব, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), একেএম আকতার হোসেন, অহিদ সিরাজ (স্বপন), প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post