কমার্স ব্যাংক: গ্রাহকের টাকা ফেরত নিশ্চিতে বিশেষ অডিট

আপডেট: ১৬ মার্চ ২০১৭ ৬:৪৩ অপরাহ্ন

commerce bank
চট্টগ্রাম :: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড’র খাতুনগঞ্জ শাখার কয়েকজন গ্রাহকের উধাও হয়ে যাওয়া টাকা ফেরত নিশ্চিত করতে বিশেষ অডিটের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কমিটি শিগগির কাজ শুরু করবে বলে জানা গেছে।

৪২ জন গ্রাহকের মধ্যে অধিকাংশের টাকা পরিশোধ করেছে ব্যাংক কর্তৃপপক্ষ। কিন্তু কয়েকজন গ্রাহকের টাকা উধাও হওয়ার বিষয়টি স্পষ্ট করতে পারেনি বাংলাদেশ ব্যাংক ও কমার্স ব্যাংকের তদন্ত কমিটি।ফলে তৃতীয় পক্ষের মাধ্যমে বিশেষ অডিটের সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। খবর বাংলানিউজের।

ব্যাংকের উর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ওই ঘটনার পর গ্রাহকের আস্থার সংকট তৈরি হয়। ফলে অনেক গ্রাহক লেনদেন বন্ধ করে দেয়।এতে কিছুটা নাজুক অবস্থায় পড়ে শাখাটি।পরে গ্রাহকের টাকা ফিরিয়ে দিলে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসে।বর্তমানে বেড়েছে গ্রাহক সংখ্যা।

গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংটির পরিচালনা পর্ষদ কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, যেসব গ্রাহকের টাকা উধাও হয়েছিল তাদের অধিকাংশের টাকা পরিশোধ করা হয়েছে।কয়েকজন গ্রাহকের টাকা উধাও হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তারা টাকা দাবি করছেন।তাই তৃতীয় পক্ষের মাধ্যমে বিশেষ অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৫ সালের মার্চে বাংলাদেশ কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার সেকেন্ড অফিসার মাঈনুদ্দিন আহমেদ’র যোগসাজসে ৪২ জন গ্রাহকের প্রায় সাত কোটি টাকা উধাও হয়ে যায়।

ঘটনার কয়েকদিন পর বিষয়টি ধরা পড়লে টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা ব্যাংকের সামনে বিক্ষোভ করে এবং শাখা ব্যবস্থাপককে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেকেন্ড অফিসার মাঈনুদ্দিন আহমেদ ও ক্যাশ কর্মকর্তা মনিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গঠন করা হয় তদন্ত কমিটি।

মাঈনুদ্দিন আহমেদ ও ক্যাশ কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে তৎকালীন শাখা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ আবুল কাসেমের করা মামলায় বুধবার (১৫ মার্চ) অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।

২০১৫ সালের ৩১ মার্চ নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা মামলাটি তদন্তে দুর্নীতি দমন কমিশনে স্থানান্তর করতে নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান মামলাটি তদন্ত করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post