চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে কর্মরত অবস্থায় এক নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণচেষ্টার অভিযোগে ক্যান্টিনের মেস বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে ওই ঘাঁটির ভেতরে অবস্থিত ডকইয়ার্ড ক্যান্টিনে এ ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি (তদন্ত) মো. জাভেদ মাহমুদ।
ওসি জাভেদ জানান, গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ নাঈম উদ্দিন (১৮)। তিনি নৌবাহিনীর ডকইয়ার্ডের ক্যান্টিনে মেস বয় হিসেবে কাজ করেন। তার বাড়ি বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নারায়ণপুরে। সোমবার গ্রেপ্তারের পর নাঈমকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ইপিজেড থানার ওসি আবুল বাশার জানান, ওই নারী কনস্টেবল গতকাল নৌবাহিনীর ঘাঁটিতে দায়িত্বরত ছিলেন। তিনি বিকালে ঘাঁটির ভেতরে ডকইয়ার্ড ক্যান্টিনের টয়লেট থেকে বের হওয়ার সময় নাঈম ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী কনস্টেবলের চিৎকারে নৌবাহিনীর লোকজন ছুটে এসে নাঈমকে ধরে পুলিশে সোপর্দ করে।
তিনি আরো বলেন, ওই নারী কনস্টেবল বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় নাঈমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

