মামলায় অব্যাহতি পেলেন সাংসদ এম এ লতিফ

আপডেট: ৮ মার্চ ২০১৭ ১০:৩৫ অপরাহ্ন

mp-latip
চট্টগ্রাম :: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি বিকৃতির ঘটনায় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে দুটি মামলা বুধবার (০৮ মার্চ) খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তথ্যপ্রযুক্তি আইনে ও মানহানির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলা থেকে সাংসদ লতিফ অব্যাহতি পেলেন।

আজ চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম আল ইমরান পুলিশের দাখিল করা প্রতিবেদন গ্রহণ করে মামলা দুটি খারিজের আদেশ দেন। পুলিশ প্রতিবেদনে সাংসদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের প্রমাণ মেলেনি বলে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে মোসলেহ উদ্দিন বলেন, দুটি প্রতিবেদনের উপর চার দফা শুনানির পর আদালত ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলা দুটি খারিজ করে দিয়েছেন।

২০১৬ সালের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে একটি কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সাংসদ এম এ লতিফের লাগানো ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগ উঠে।

এই ঘটনায় লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, তথ্যপ্রযুক্তি ও মানহানির অভিযোগ চারটি মামলা দায়ের হয়। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি মানহানি এবং ৯ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের মামলা দুটি দায়ের করেন সাইফুদ্দিন রবি।

এদিকে ওই বছরের ৯ ফেব্রুয়ারি সাংসদ লতিফের বিরুদ্ধে ছবি বিকৃত করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে আরেকটি মামলা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কে এম বেলায়েত হোসেন। মামলাটি তদন্ত করছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।

এদিকে দুই মামলার বাদি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সাইফুদ্দিন রবি এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post