মিরসরাইয়ে গ্রেনেডসহ বিপুল অস্ত্র উদ্ধার

আপডেট: ৮ মার্চ ২০১৭ ৩:৪৪ অপরাহ্ন

mirsarai
মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাইয়ের গোভনিয়া এলাকায় বুধবার দুপুর ২টার দিকে জঙ্গি আস্তানা থেকে ২৯টি ছোট, বড় গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কাউন্টার টেররিজম টিমের সদস্যরা।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লার চান্দিনায় বোমামসহ আটক দুই জঙ্গি হাসান (৩০) ও জসিমের (৩২) স্বীকারোক্তি মোতাবেক কাউন্টার টেররিজম টিম রাতভর অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৯টি ছোট, বড় গ্রেনেড, ২৪০টি বোমা তৈরির সরঞ্জামের ব্যাগ, ৪০টি জেল বোমা, ৯টি চাপাতি, ৭টি কালো পাঞ্জাবি ও একটি ব্যানার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, আন্তর্জাতিক কোন জঙ্গি সংগঠনকে তারা অনুসরণ করছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন সংগঠন তা তিনি বলতে পারেননি।

তিনি আরো জানান, এ পর্যন্ত এ চক্রের নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তির আলোকে জানা যায় চক্রের সঙ্গে আরো ৮/৯ জন জড়িত রয়েছে। বোমাগুলো এখনো ঘটনাস্থলেই রয়েছে। সিএমপির বোমা বিশেষজ্ঞ দল এসে এগুলো ধ্বংস করবে। তা না হলে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, র‌্যাব-০৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদৌলা রেজা, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমদ সুমন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই) মাহবুবুর রহমান, মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post