পরবিবহন ধর্মঘট অব্যাহত, অবর্ণনীয় দুর্ভোগ

আপডেট: ১ মার্চ ২০১৭ ১১:২১ পূর্বাহ্ন

sorok-oborudh-5

চট্টগ্রাম :: দুই বাস চালককে দেওয়া ফাঁসির রায় ও যাবজ্জীবন সাজার প্রতিবাদে পরিবহন শ্রমিক সংগঠনগুলোর ডাকা ধর্মঘট দ্বিতীয়দিনের মতো অব্যাহত আছে। ধর্মঘটের দ্বিতীয়দিনে বুধবার চট্টগ্রাম নগরীর কোথাও কোন গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।

এদিকে নগরীর বাদুরতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় সিএনজি চালককেও তারা মারধর করেন। ফলে নগরীতে সিটি সার্ভিস, মিনিবাস, টেম্পুসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কে রিকশা, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট গাড়ি চলাচল করছে।

নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) সুজায়েত ইসলাম জানান, পরিবহন ধর্মঘটের কারণে দ্বিতীয়দিনের মতো নগরীতে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই কোন গাড়ি চলাচল করেনি। এছাড়া দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল করছে না।

এদিকে ধর্মঘটের কারণে গণপরিবহন চলাচল না করায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নগরীর বিভিন্ন জায়গায় বাস ও টেম্পু স্ট্যান্ডগুলোতে যাত্রীদের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেককেই রিকশা, সিএনজি বা পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা গেছে। এ সুযোগে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন রিকশা বা সিএনজি চালকরা।

প্রসঙ্গত, মানিকগঞ্জে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হয়েছে। এরপর ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি দিয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post