‘এমপি বাদল মুক্তিযোদ্ধাই নন’

আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৭ ৩:০২ অপরাহ্ন

meet-press-pic
চট্টগ্রাম :: চট্টগ্রামের (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাংসদ মঈনুদ্দিন খান বাদল মুক্তিযোদ্ধাই নন। তাই মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন এমন একজনকে বোয়ালখালী উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি করে তাঁর অপসারণ দাবি করেছেন।

শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়াজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বোয়ালখালী উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও মুক্তিযোদ্ধারা।

লিখিত বক্তব্যে বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর বলেন, বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলকে সভাপতিত্ব করতে দেখে বিক্ষোভে ফেটে পড়েন মুক্তিযোদ্ধারা। ফলে সেখানে যাচাই-বাছাই কাজ স্থগিত রাখা হয়।

এরপর কমিটির সভাপতি পদ থেকে মঈন উদ্দিন খান বাদলকে সরিয়ে পদটি শূন্য রাখা হয়। কিন্তু পরে বোয়ালখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুব আলম স্বাক্ষরিত এক চিঠিতে ফের মঈন খান বাদলকে সভাপতি করে যাচাই-বাছাই কাজ পুনরায় চালিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিকট চিঠি পাঠানো হয়। ফলে আবারও মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল মুক্তিযোদ্ধা কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার যাচাই-বাছাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকায় স্থান পাওয়া নিয়ে সন্দিহান। এজন্য বোয়ালখালীতে মুক্তিযুদ্ধ করেছেন এমন একজনকে সভাপতি হিসেবে দেখতে চেয়ে সংবাদ সম্মেলনে জোর দাবি জানান কমান্ডার আবুল বশর।

আগামি ২৬ ফেব্রুয়ারি থেকে বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কাজ অনলাইনে পুনরায় শুরু হওয়ার কথা জানিয়ে কমান্ডার আবুল বশর বলেন, মঈন উদ্দিন খান বাদলের অপসারণ ও কমিটির সভাপতি হিসেবে একজন মুক্তিযোদ্ধা চাওয়ার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে আবেদন করা হয়েছে। তিনি বিষয়টি দেখবেন বলে উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিনকেও অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক চৌধুরী, উদয় নাথ, আব্দুল লতিফ, মুহাম্মদ ইদ্রিচ, সুনীল চক্রবর্তী, ও প্রশান্ত বড়ুয়াসহ বোয়ালখালী উপজেলার আরও কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post