টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুণতলী চাড়িয়ং পাহাড়ী এলাকায় বুধবার ভোর ৪টার দিকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ধারনা করা হচ্ছে, ইয়াবা পাচার নিয়ে দু’পক্ষের মধ্যে গুলাগুলিতে এ ঘটনা ঘটেছে। এ সময় ওই স্থান থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) ও ২টি জিনসিন সিরাপ। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।
টেকনাফ মডেল থানা সেকেন্ড অফিসার কাঞ্চন কান্তি দাস জানিয়েছেন, ভোরে গুলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনা যায়। পরে অনেক খোজাঁখুজির পর টেকনাফ- কক্সবাজার সড়কের টেকনাফ স্থল বন্দরের বিপরিতে কেরুনতরী চাড়িয়ং নাম পাহাড়ি এলাকায় এক জনের মৃতদেহ পাওয়া যায়। যার বয়স ৪২/৪৪ হতে পারে।
এ সময় ১০ প্যাকেট ইয়াবা, ২টি জিনসিন সিরাপ ও ১ টি দেশীয় তৈরী অস্ত্রও পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মো.আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

