এমদাদ খান, খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো.আবদুল হান্নান সাংবাদিকদের জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার রাত ৮ টার দিকে শহরের শালবাগান এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলমের গ্রুফের মাঝে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে সভাপতি গ্রুফের মোঃ মুসলিম উদ্দিন, তার স্ত্রী সাফিয়া বেগম ও জোস্না বেগম এবং সাধারণ সম্পাদক গ্রুফের শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ও খায়রুল আলম আহত হয়।
আহতের মধ্যে শফিকুল ইসলাম চলমান এসএসসি পরীক্ষার পরিক্ষার্থী এবং খায়রুল আলম ভোকেশনাল টেক্সটাইল স্কুলের নবম শ্রেণির ছাত্র। গুরুতর আহত মুসলিম উদ্দিন, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ও খায়রুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে এখনো থানায় কোন মামলা হয়নি। তবে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post


