কথার চেয়ে কাজ করতে চান সার্চ কমিটির সদস্যরা

আপডেট: ২৮ জানুয়ারী ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ন

999

অনলাইন ডেস্ক :: সার্চ কমিটির সদস্যরা আপাতত শুধু কাজ করতে চান, কোনো কথা বলতে চান না। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সার্চ কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শিরীণ আখতার বলেন, ‘১০ কার্যদিবস কোনো কথা বলতে চাই না। আমরা শুধু কাজ করতে চাই। ১০ দিন পরে আপনাদের সঙ্গে অনেক কথা বলবো। এখন আমাদের কাজ করতে দিন।’

সার্চ কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামও কোনো কথা বলতে রাজি নন। তিনি বলেন, ‘এখন কোনো কথা বলবো না। পরে আপনাদের সঙ্গে কথা বলবো।’

শনিবার সকাল ১১টায় হাইকোর্টের জাজ মিলনায়তনে প্রথম বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি। এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছে এই কমিটি।

জানা গেছে, প্রথম বৈঠকে কমিটির সদস্যরা কর্মপরিকল্পনা ঠিক করে কাজ শুরু করে দেবেন। নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাই করে রাষ্ট্রপতির কাছে নামের তালিকা তারা দ্রুত জমা দেবেন বলেও আশা করা হচ্ছে।

সূত্র জানায়, আনুষ্ঠানিক প্রথম বৈঠকে ব্যক্তিগত বাছাই প্রক্রিয়া নিয়ে সার্চ কমিটির সদস্যরা। ১০ কার্যদিবসের আগেই তাদের কাজ সম্পাদন করতে পারবেন সার্চ কমিটির সদস্যরা আশা প্রকাশ করছেন।

এক সদস্য বলেন, শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করে রাষ্ট্রপতির দেওয়া পবিত্র দায়িত্ব আমরা পালন করবো। আশা করি, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা যোগ্য ব্যক্তিদের নাম তুলে আনতে পারবো।

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। তার আগেই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নামের তালিকা রাষ্ট্রপতিকে প্রদান করবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post