অনলাইন ডেস্ক :: ঢালিউডে সেরা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এই জুটির রসায়ন নিয়ে অনেকে নানা মুখরোচক কথা বললেও, দিনশেষে প্রযোজকরাই লাভবান হয়েছেন।
ঢালিউডে শাকিব-অপুর পর আর কোনো জুটি দর্শকমনে ঠাঁই করে নিতে পারেনি। নতুন জুটি গড়তে, এ জুটিকে ভাঙার পরিকল্পনাও করেছিল অনেকে। এই তালিকায় ছিলেন সাহারা, মাহি, পরীমনি, আঁচল’র মত তারকারা। এরা প্রত্যেকেই শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন।
সে সময় অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দর্শকরা শাকিবের বিপরীতে অপুকেই দেখতে চায়।’ অপুর কথাটিই সত্য প্রমাণ করে দিয়েছে ২০১৫ সালের সুপারহিট ‘লাভ ম্যারেজ’ ছবিটি। এরপর গেলো বছর রোজার ঈদে মুক্তি পাওয়া ‘সম্রাট’ ছবিটিও সেই কথার পুনরাবৃত্তি করলো।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে, ঢালিউড সুপারস্টার শাকিব খান কয়েকবছর ধরে একাই ইন্ড্রাষ্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আবার এটাও বলতে হয় তিনি একমাত্র চিত্রনায়ক যিনি বেশ হিসেব কষে পা ফেলেন। তাঁর প্রতিটি পদক্ষেপে থাকে গভীর পরিকল্পনা। অবশ্য এতে সফলও হয়েছেন এই সুপারস্টার। এখনও তিনি নাম্বার ওয়ান হয়েই ঢালিউডে রাজত্ব করছেন।
গেল বছর মার্চে অপু বিশ্বাস হঠাৎ উধাও হয়ে যাওয়ায়, ঢালিউড একটু নড়েচড়ে বসে। সিনেপাড়ায় গুঞ্জন ওঠে, অপু বিশ্বাস মা হতে চলেছেন, তাই আড়ালে চলে গেছেন। আবার কেউ বলেছন, শাকিব কলকাতামুখী হওয়ায় বেশ চটেছেন অপু। তাই কলকাতায় স্থায়ী বসত গড়েছেন। এ রকম অনেক কথাই ভেসে বেড়াচ্ছিল সেসময়।
এদিকে অপু চুক্তিবদ্ধ হওয়া ছবির কাজ শেষ না করেই উধাও হয়ে যাওয়াটাকে ভালো চোখে দেখছিলেন না চলচ্চিত্র সংশ্লিস্টরা। অপুর সঠিক খোঁজ না পাওয়ায় অভিযোগের আঙুল ওঠে শাকিব খানের দিকে। অবশ্য অপুর বিষয়ে বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব বলেছেন, সময় হলে অপু ঠিকই আসবে।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসেছেন অপু বিশ্বাস। গতকাল এ খবর প্রকাশের পর থেকেই সিনেপাড়ায় চায়ের টেবিলে ঝড় উঠেছে। নতুন সমীকরণ খোঁজায় ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চলচ্চিত্র প্রযোজক বলেন, “ শাকিবের পরিকল্পনায় চলছেন অপু। একটু পেছন ফেরা যাক, শাকিবের যখন ‘শিকারি’ ও ‘সম্রাট’ ছবিটি মুক্তি পায় তখন অপুকে নিয়ে কাজ চলছিল ‘রাজনীতি’ ও ‘পাঙ্কু জামাই’ ছবির। এই সময় অপুকে বিশ্রামে পাঠিয়ে দেন শাকিব। ছবি দুটি আটকে যায়। সেসময় শাকিব কলকাতায় নতুন ছবির পরিকল্পনা করেন। নতুন ছবিতেও চুক্তিবদ্ধ হন। তড়িঘড়ি করে নবাগতা নায়িকা বুবলীকে নিয়ে ‘বসগিরি ও ‘শুটার’ ছবির শুটিং শেষ করে কোরবানীর ঈদে রিলিজ দেয়া হয়। এখন তাঁর হাতে ‘নবাব’ ছাড়া ভালো কোনো ছবি নেই। কিন্তু ঈদে এক ছবি দিয়ে শাকিব তুষ্ট নন। তাই তো সময় বুঝে এই সময় অপুকে এনে ‘রাজনীতি’ ছবিটির কাজ শেষ করবেন। ঈদে ছবি মুক্তি পেলে অপুও খুশি! আর অপু হঠাৎ উধাও হয়ে যাওয়ার বিষয়টিকে ব্যক্তিগত সমস্যা বলেই কাটিয়ে ফেলবেন। আসল সত্যটা অন্ধকারেই থেকে যাবে।”
প্রযোজকের এমন কথায় হিসেব-নিকেশ একটু পাল্টে গেল। প্রতিবছর ঈদে শাকিবের একাধিক ছবি মুক্তি পায়। এতে অন্য হিরোদের ছবি নিয়ে প্রযোজকরা ঝুঁকি নিতে চায় না। অপু ফেরায় বিষয়টি আরও পরিস্কার হয়ে গেল সকলের কাছেই।
সত্যিই কি শাকিব খানের প্ল্যানে চলছেন অপু বিশ্বাস? নাকি হঠাৎ উধাও হয়ে যাওয়ার বিষয়টির সত্যতা প্রকাশ না করেই রহস্যের হাসি দিয়ে এড়িয়ে যাবেন- এমন প্রশ্নই চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের মাঝে ঘুরপাক খাচ্ছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

