চট্টগ্রাম :: ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে চট্টগ্রামের রেডিয়েন্ট স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তিতে ১০ হাজার ৩০০ টাকা এবং টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) নিতে ৩ হাজার টাকা আদায় করছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলামের কাছে এ তথ্য উপস্থাপন করেছে স্কুল কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় তদারক টিম রেডিয়েন্ট স্কুলে গিয়ে জানতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তিতে ১০ হাজার ৩০০ এবং টিসি নিতে ৩ হাজার টাকা আদায় করছে। ইস্পাহানি স্কুলে ভর্তিতে ৫ হাজার এবং পুলিশ লাইন স্কুলে ২ ক্যাটাগরিতে (পুলিশ ও পাবলিক) ভর্তিতে পুলিশ ক্যাটাগরিতে ৩৬৫০ টাকা ও পাবলিক ক্যাটাগরিতে ৫২০০ টাকা আদায় করছে। তদারক টিম তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসনে জমা দিয়েছে।
পরবর্তীতে জেলা প্রশাসন, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ভর্তি নীতিমালা অনুসারে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের জন্য নির্দেশনা জানাবে স্কুলগুলোকে।
এর আগে, জেলা প্রশাসন লাগামহীন ভর্তি বাণিজ্য ঠেকাতে ৫টি তদারক কমিটি গঠন করে। নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে এ তদারকি কমিটিতে জেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, ক্যাবের (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতিনিধি রয়েছে। তারা নগরীর ৫ শিক্ষা থানার প্রায় শতাধিক স্কুলে তদারকি শুরু করে।
পরবর্তীতে তদারকি শেষ হলে যেই স্কুলগুলোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, সেই স্কুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
