চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ক্ষতি ৩৫ লাখ টাকা

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৭ ১১:০২ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: চট্টগ্রামে মঙ্গলবার ভোরে নগরী ও উপজেলায় পৃথক ৩টি অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি, কলকারখানা সহ দোকানপাট।

তিনটি অগ্নিকাণ্ডে মোট ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর প্রহল্লাদ সিংহ জানান, ভোর পৌনে ছয়টার দিকে বোয়ালখালী উপজেলার আব্দুল লতিফ হাটে একটি মশার কয়েল ও একটি মিনারেল ওয়াটারের কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কারখানা দুটি পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার ও নন্দনকানন স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের হাজীপাড়ায় ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগে। তে ২৪টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হলেও কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

আজ সকাল পৌনে সাতটার দিকে নগরীর পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post