
রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্ত্রাস কবলিত উত্তর রাজানগর এলাকার রাণীরহাটের একটি দোকানে শনিবার ভোর ৫ টার দিকে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল ভোর ৫ টার দিকে এসে রাণীরহাটে ওই দোকানের দরজা কেটে প্রবেশ করে। সেখান থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি ডিজেল চালিত জেনারেটরসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ডাকাতদের হাতে অস্ত্র থাকায় কেউ এগিয়ে যাওয়ার সাহস করেনি। তাছাড়া ডাকাতরা স্থানীয় চিহ্নিত ডাকাত বলে জানান প্রত্যক্ষদর্শী লোকজন। আর দোকানটি উত্তর রাজানগর সীমান্তবর্তি ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজদ্দৌলা দুলালের।
সিরাজদ্দৌলা দুলাল জানান, উপজেলার ত্রাস হিসেবে পরিচিত এরশাদ-খোকন-বখতেয়ার বাহিনীর সদস্যরা আমার দোকানের জেনারেটরসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর আগেও তারা আমার দোকান প্রকাশ্যে দিনদুপুরে লুট করেছিল। তখন তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত ডাকাত। রাঙ্গুনিয়া থানা, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা, হাটহাজারী থানায় তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। একটি হত্যা মামলায় কয়েকজন শীর্ষ ডাকাতের যাবজ্জীবন সাজা ও ডাকাতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
রাণীরহাট পুলিশ বিটের ইনচার্জ এসআই সামশুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ডাকাতদের খোঁজে বের করা হবে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
