চবি :: আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলাওল হলের সামনে শিবির কর্মী সন্দেহে সরওয়ার হোসেন (২৪) নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। আহত সরওয়ারকে চবি মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমন (২৩) ও বহিরাগত জামিলকে (২৬) আটক করেছে পুলিশ।
মারধরের শিকার সরওয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১০-১১ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাবা মো.আলী একজন মুক্তিযোদ্ধা ও রেলওয়ে পুলিশের হাবিলদার।
সরওয়ারের সহপাঠী মো.শামিম বলেন, আলাওল হলের সামনের দোকানে সরওয়ার নাস্তা করছিল। এসময় সুমন ও বহিরাগত জামিল সহ চার-পাঁচজন এসে শিবির অপবাদ দিয়ে তাকে মারধর করে। সরওয়ার আলাওল হলে বেশ কয়েক বছর ধরে থাকছে। শিবির করার প্রশ্নই উঠে না।
চবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক শুভ বলেন, সরওয়ারের ঘাড়ে ও পিঠে জখম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেক হোসাইন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার নির্দেশে তাকে মারধর করা হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

