অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাত, নয় জনের কারাদণ্ড

আপডেট: ১৭ জানুয়ারী ২০১৭ ৫:২৪ অপরাহ্ন

court

চট্টগ্রাম :: অগ্রণী ব্যাংকের পৌনে ১ কোটি টাকা আত্মসাতের একটি মামলার রায় হয়েছে আজ মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালতে। ওই ব্যাংকের তৎকালীন কর্মকর্তা এবং ছয় ব্যবসায়ীসহ ৯ জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৮ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

একই রায়ে আদালত আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন ওই আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।

দণ্ডিত আসামিরা হল, অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আনসারুল হক, সাবেক ক্যাশ ইনচার্জ আব্দুস শুক্কুর ও ক্যাশিয়ার মঈনউদ্দিন চৌধুরী এবং খাতুনগঞ্জের ব্যবসায়ী স্বপন কুমার ঘোষ, নূর ট্রেডার্সের মালিক আব্দুন নূর, মেসার্স আলম ব্রাদার্স এন্ড কোম্পানির মালিক জামাল উদ্দিন, মেসার্স পারভিন অটোমোবাইলসের মালিক কোরবান আলী, আজিজ এন্ড ব্রাদার্সের মালিক আজিজুর রহমান এবং রহমান এন্ড কোম্পানির মালিক শহীদুল আমান।

খালাস পাওয়া দুজন হল, অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের সাবেক ইনচার্জ ইছহাক চৌধুরী এবং খাতুনগঞ্জের হোসেন এন্ড ব্রাদার্সের মোহাম্মদ হোসেন।

দণ্ডিত ও খালাস পাওয়া ১১ আসামির মধ্যে শুধুমাত্র ইছহাক চৌধুরী আদালতে হাজির ছিলেন। বাকি ১০ আসামির সবাই পলাতক আছেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পরের যোগসাজশে নূর ট্রেডার্সের নামে ভূয়া আমদানি ঋণপত্র দেখিয়ে ৭০ লাখ ৪০ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। ১৯৮৮ সালের ১৩ অক্টোবর দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক আবু মো.আরিফ সিদ্দিকী বাদি হয়ে কোতয়ালি থানায় ৭৫ লাখ ৫৭ হাজার ৩১৮ টাকা ব্যাংকের ক্ষতিসাধনের একটি মামলা দায়ের করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post