
চট্টগ্রাম :: কেন্দ্রঘোষিত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নেতাকর্মীদের কাঙ্ক্ষিত উপস্থিতি না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন নগর আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা। দায়িত্ব পালন না করলে পদে থাকা নেতাদের পদ ছেড়ে দেবারও আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
কেন্দ্রঘোষিত কর্মসূচিতে নগর আওয়ামী লীগ শোডাউনের ঘোষণা দিলেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম। আজ বৃহস্পতিবার সমাবেশ উপলক্ষে শহীদ মিনারের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। তবে কাঙ্ক্ষিত উপস্থিতি না থাকায় সমাবেশ মঞ্চের সামনে ছাড়া পুরো সড়কই ছিল ফাঁকা।
বক্তব্য দিতে গিয়ে মাত্র একজন সংসদ সদস্যের উপস্থিতি নিয়ে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন। সাংসদ সাবিহা মুসাকে উদ্দেশ্য করে সুজন বলেন, একজন এমপিও আসেননি, আপনি এসেছেন। আপনাকে ধন্যবাদ।
সুজন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজের দলের দিকে তাকান। এদিক-ওদিক তাকানোর দরকার নেই। ঘরে বউ রেখে আরেকজনের দিকে তাকাবেন না। আমাদের কিছু কিছু নেতা আছেন যারা নিজের দল বাদ দিয়ে জামায়াতের দিকে তাকিয়ে থাকেন। কোনদিকে জামায়াত আছে, কিভাবে তাদের পুর্নবাসন করা যাবে সেটা চিন্তা করেন। জামায়াত বাদ দিয়ে নিজের দল নিয়ে চিন্তা করেন।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমার চলাফেরা করতে কষ্ট হয়। তবুও আমি সব সভা-সমাবেশে আসি। কষ্ট হোক, আমি বেঁচে তো আছি। যতদিন বেঁচে থাকব, দলের জন্য কাজ করে যাব। এখন দল ক্ষমতায়। সেজন্য অনেকে কর্মসূচিতে আসছেন না। তারা নিজের লাভের জন্য দল করছেন।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, সংসদ সদস্য সাবিহা মুসা এবং সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম।
সিটিজিসান.কম/রবি
Print This Post
