এমপিরা চাইলেই পাবে পুলিশ ফোর্স ও অস্ত্রের লাইসেন্স

আপডেট: ৩ জানুয়ারী ২০১৭ ১১:৩৬ অপরাহ্ন

mp-logo

চট্টগ্রাম :: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন খুনের পর চট্টগ্রামে সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। ব্যক্তিগত নিরাপত্তার জন্য এমপিরা আবেদন করলে জরুরি ভিত্তিতে পাবেন অস্ত্রের লাইসেন্সও।

সূত্রমতে, মন্ত্রীদের মতো সংসদ সদস্যদেরও যে কোন এলাকায় অবস্থান এবং কর্মসূচির বিষয়টি নগর ও জেলা পুলিশের বিশেষ শাখার মাধ্যমে মনিটরিং এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এজন্য সিএমপি কমিশনারের পক্ষ থেকে নগর পুলিশের বিশেষ শাখার কাছে চট্টগ্রামে সংসদ সদস্যদের বাসার পূর্ণাঙ্গ ঠিকানাসহ তালিকা চাওয়া হয়েছে।

এরপর মঙ্গলবার (০৩ জানুয়ারি) নগরীর ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে তাদের এলাকায় চট্টগ্রাম কিংবা চট্টগ্রামের বাইরের কোন সংসদ সদস্যের বাসা ও অফিস আছে কিনা তা জানতে চাওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত নগরীর খুলশী, বায়েজিদ বোস্তামিসহ চারটি থানা থেকে এই সংক্রান্ত তথ্য বিশেষ শাখায় পৌঁছেছে বলে সূত্র ‍জানিয়েছে।

সূত্রমতে, নগরীতে সংসদ সদস্যদের বাসা এবং অফিসের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পর সাংসদের অবস্থানকালীন সময়ে সেখানে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সংসদ সদস্যরা নগরীর ভেতরে যে কোন কর্মসূচিতে যাবার সময়ও যাতে নিরাপত্তা দেয়া হয় তার উদ্যোগও নিচ্ছে সিএমপি। এজন্য প্রত্যেক সংসদ সদস্যকে চট্টগ্রামে পৌঁছানোর আগে তাদের শিডিউল নগর পুলিশের বিশেষ শাখাকে ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে অবহিত করার অনুরোধ করা হবে।

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাইবান্ধায় যে ঘটনা ঘটেছে, এরপর সংসদ সদস্যদের নিরাপত্তায় ঝুঁকি তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপট বিবেচনা করে আমরা তাদের নিরাপত্তা দেয়ার উদ্যোগ নিচ্ছি। তাদের সঙ্গে সার্বক্ষণিক ফোর্স দেয়ার চিন্তাভাবনা করছি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, সংসদ সদস্যরা শুক্র ও শনিবার গ্রামে অবস্থান করেন। আমাদের রেডবুক অনুযায়ী এমপিদের সিকিউরিটি ও প্রটেকশন দেয়ার সুযোগ নেই। তারপরও পরিস্থিতি বিবেচনায় আমরা সংসদ সদস্যদের নিরাপত্তায় দৃশ্যমান উদ্যোগ নিচ্ছি। ইতোমধ্যে সার্বক্ষণিক টিম দেয়ার জন্য থানাকে বলা হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post